শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজও সাক্ষ্য

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫; সময়: ১১:১২ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলার ৫৪তম ও শেষ সাক্ষী।

এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত হয় জুলাই আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার ভিডিওচিত্র। যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমের চারটি ভিডিও সেই দিন উপস্থাপন করা হয়।

সরাসরি সম্প্রচারিত ওই সাক্ষ্যগ্রহণে উঠে আসে, সরকারি হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলন দমাতে ছোড়ে ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা জানান, গণঅভ্যুত্থান দমনে ফোনে হাজারো নির্দেশনা দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই কলরেকর্ড মুছে ফেলা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে।

তিনি আরও জানান, একইভাবে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনামন্ত্রীর কলরেকর্ডও।

অন্যদিকে, আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল-২ এ। এটি মামলার নবম দিনের সাক্ষ্য।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন