জনগণ কোন মোনাফেক দলের ধোঁকায় পা দিবে না: মিলন

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে- এ নির্বাচন এখন আর কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সোমবার বিকেলে পবা উপজেলার বড়গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়গাছী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে গণসচেতনতা মূলক প্রচারণা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, “জাতীয় নির্বাচনের ট্রেন ইতোমধ্যে চলতে শুরু করেছে, এটি কেউ থামাতে পারবে না। অনেকেই নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ সেই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। যদি বাড়াবাড়ি করে, তাহলে জনগণই রাজপথে নেমে দাঁতভাঙা জবাব দেবে।”
তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট ও স্বৈরাচারমুক্তির সূচনা হয়েছে। তবে সেই শক্তির দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, উল্লেখ করে মিলন বলেন, “বিগত ১৭ বছরে কেউ ভোট দিতে পারেনি, এবার জনগণ নিজের ভোট নিজের প্রার্থীকে দিতে পারবে।”
দলীয় মনোনয়ন প্রসঙ্গে মিলন বলেন, “দল আমাকে পবা-মোহনপুরবাসীর খেদমতের সুযোগ দিয়েছে। নির্বাচিত হলে আমি এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ-মন্দির-গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করব এবং বেকারত্ব দূরীকরণে কাজ করব।”
তিনি বলেন, “একটি দল একসময় বিএনপির সঙ্গে ছিল, কিন্তু নির্বাচন এলেই তারা পল্টি মারে। এখন তারা গণভোট বা সংস্কারের কথা বলছে, অথচ একসময় মুখে ফেনা তুলে ‘পেয়ার পেয়ার’ বলত।”
জামায়াত প্রসঙ্গে মিলন বলেন, “জামায়াতে ইসলাম ১৯৪৭ সালে ভারতের পক্ষে ছিল, ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল। এখন তারা ‘দাড়িপাল্লায় ভোট দিলে বেহেস্ত কনফার্ম’ বলে মিথ্যাচার করছে। জনগণ কোন মোনাফেক দলের ধোঁকায় পা দিবে না।”
সভায় সভাপতিত্ব করেন বড়গাছী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামসুল মণ্ডল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার প্রমুখ।




