যুবদল নেতা হত্যায় শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬; সময়: ১১:৪৪ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: জুলাই আন্দোলনে যুবদল নেতা হাফিজুর রহমান সুমনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুসহ ৬৩ জনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এটিইউ’র ইনভেস্টিগেশন শাখার পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে অন্তর্ভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানকসহ আরও কয়েকজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে শেরেবাংলানগর মহিলা কলেজসংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন সুমন। অভিযোগ অনুযায়ী, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালালে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. বিথী খাতুন ২০২৪ সালের ৯ অক্টোবর শেরেবাংলানগর থানায় শেখ হাসিনাসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন