ট্রেনে কাটা পড়ে বাসের ৫ যাত্রী নিহত

পদ্মাটাইমস ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তারা একটি বাসের যাত্রী ছিলেন। বাসের তেল শেষ হয়ে যাওয়ায় সেটি সড়কের পাশে থামানো ছিল। এ সময় কয়েকজন যাত্রী নেমে পাশের রেললাইনে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তাঁর ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) এবং আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)।
বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সাদুল্যাপুর থেকে বাসটি ছেড়ে আসে। সন্ধ্যা ৭টার দিকে ধলাটেংগর এলাকায় পৌঁছালে বাসটির তেল শেষ হয়ে যায়। পরে বাসটি সড়কের পাশে রেখে কর্মীরা তেল আনতে যান। এ সময় যাত্রীরা নেমে আশপাশে অবস্থান করছিলেন। কেউ কেউ পাশের রেললাইনে গিয়ে বসেন। এ অবস্থায় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রেন দ্রুতগতিতে এসে পড়লে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনাস্থলে উপস্থিত বাসযাত্রী মায়া (৩০) জানান, হঠাৎ ট্রেন চলে আসায় অনেকেই সরে যেতে পারলেও কয়েকজন সময়মতো সরতে পারেননি।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, বাসটি সড়কের পাশে থেমে ছিল এবং কয়েকজন যাত্রী রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে এলে তারা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। রাত ১০টা পর্যন্ত লাশ ঘটনাস্থলে ছিল।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে সড়ক ও রেললাইন সমান্তরাল। বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে সেটি থামানো হয়েছিল। ট্রেনের চালক হর্ন দিলেও নিহতরা সময়মতো সরে যেতে পারেননি।
রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ঘটনাস্থলটি স্টেশন এলাকা থেকে দূরে হওয়ায় সরাসরি তদারকির সুযোগ ছিল না। রেললাইনে অবস্থান করা নিষিদ্ধ হলেও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
এদিকে ঈদযাত্রাকে ঘিরে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনে দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত ও ২১৭ জন আহত হয়েছেন।




