শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর আশ্বাস ভারতীয় সহকারী হাইকমিশনারের

নিজস্ব প্রতিবেদক, পাবনা: শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ রাখতে সরকারনির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। আবেদনকারীদের নিজ নিজ ফরম পূরণ করে নির্ধারিত নিয়মে ফি জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মনোজ কুমার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডা. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরণ্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তরা।
অনুষ্ঠান শেষে সহকারী হাইকমিশনার সৎসঙ্গ আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার তাকে স্বাগত জানান।




