কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পদ্মাটাইমস ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নতুন মূল্য তালিকা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ঘোষিত মূল্য অনুযায়ী, ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।
এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো লবণ সরবরাহ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার রোধের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রতি বছরের মতো এবারও কুরবানিকে কেন্দ্র করে চামড়া শিল্পের বিশাল কর্মযজ্ঞ সুশৃঙ্খল রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।




