গরু কুরবানি ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট

প্রকাশিত: মে ২৩, ২০২৬; সময়: ১০:০৫ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের গবাদিপশু কুরবানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

আদালত পর্যবেক্ষণে বলেছেন, গরু কুরবানি ঈদুল আজহার অপরিহার্য অংশ নয় এবং ইসলামে এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলকও নয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থ সারথী সেনর বেঞ্চ এ আদেশ দেন।

একাধিক জনস্বার্থ মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আদেশ বাতিল ও অন্তর্বর্তী স্থগিতাদেশ চাওয়া হলেও আদালত সে আবেদন গ্রহণ করেননি।

তবে আদালত রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে একটি বিষয় বিবেচনার নির্দেশ দিয়েছেন। সেটি হলো, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু কুরবানি নিয়ন্ত্রণ আইনের ১২ নম্বর ধারার আওতায় ধর্মীয়, ওষুধ বা গবেষণার প্রয়োজনে নিষিদ্ধ পশু কুরবানির ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে কি না। ঈদ উপলক্ষে সময় স্বল্পতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া খোলা স্থানে পশু কুরবানি নিষিদ্ধ করার শর্ত যুক্ত করার বিষয়টিও বিবেচনা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৩ মে পশ্চিমবঙ্গ সরকার যে আদেশ জারি করে, সেখানে ১৯৫০ সালের আইন এবং ২০১৮ সালে হাইকোর্টের দেওয়া একটি রায়ের উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘কুরবানির উপযুক্ত’ সনদ ছাড়া গরু ও মহিষ কুরবানি করা যাবে না।

আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে করা মামলায় জ্যেষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি দেন, আইনটি মূলত কলকাতা ও অন্যান্য পৌরসভার জন্য প্রণীত হয়েছিল, পুরো পশ্চিমবঙ্গের জন্য নয়। তবে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হননি।

অন্যদিকে কলকাতা পৌরসংস্থার আইনজীবী নীলোৎপল চ্যাটার্জি আদালতকে জানান, প্রয়োজনীয় অবকাঠামোসহ নির্ধারিত জবাইখানা ও সনদ প্রদানের ব্যবস্থা তাদের রয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, সনদ প্রদানের যথাযথ ব্যবস্থা রয়েছে কি না তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের। কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানেরও প্রত্যাশা ব্যক্ত করেন বিচারকরা। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন