এফসিপিএস নোটিশ প্রত্যাহার দাবিতে রামেকে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত নোটিশ প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা।
বুধবার (৪ জুন) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা অংশ নেন।
বিক্ষোভে বক্তারা বলেন, এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ চিকিৎসকদের পেশাগত অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই দ্রুত ওই নোটিশ প্রত্যাহারের দাবি জানান তারা।
এ সময় দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘমেয়াদি শিক্ষা, ইন্টার্নশিপ ও বিশেষায়িত প্রশিক্ষণের কারণে চিকিৎসকরা কর্মজীবনে প্রবেশ করতে তুলনামূলক বেশি সময় নেন। এ বাস্তবতা বিবেচনায় বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ করা প্রয়োজন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের চিকিৎসক অংশগ্রহণ করেন।




