মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন প্রবাসী যুবক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় স্ত্রীকে ভিডিও কলে রেখে এক প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত সোহেল রানা (২৬) উপজেলার বর্দ্দপুর ব্রমত্তপাড়া গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় সাড়ে তিন বছর আগে মালয়েশিয়া যান সোহেল রানা। সেখানে মোবাইল ফোনে মান্দার মধ্যমৈনম গ্রামের মারুফা আক্তার স্বপ্না (২২) নামের এক নারীর সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে চলতি বছরের ৫ মার্চ তাদের বিয়ে সম্পন্ন হয়।
স্বজনদের অভিযোগ, বিয়ের পর বিভিন্ন অজুহাতে সোহেল রানার কাছ থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা নেওয়া হয়। ঈদের দুদিন আগেও গরু কেনার কথা বলে আরও এক লাখ টাকা পাঠানো হয় বলে দাবি করেন তারা।
পরিবারের দাবি, পরবর্তীতে গত বুধবার (৩ জুন) সোহেল রানাকে তালাক দেন স্ত্রী স্বপ্না এবং সেই তালাকের নোটিশ হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এরপর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে উত্তেজনাপূর্ণ কথাবার্তার এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় সোহেল রানা আত্মহত্যা করেন।
নিহতের বোন সাবিনা খাতুন বলেন, “বিয়ের পর গরুর শেড নির্মাণ, গরু কেনাসহ নানা অজুহাতে ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।”
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত নারী এর আগে অন্য এক প্রবাসীকে বিয়ে করে তার কাছ থেকেও অর্থ হাতিয়ে নিয়ে তালাক দিয়েছেন এবং পরে সোহেল রানাকে বিয়ে করেন।
স্থানীয় এক বাসিন্দার দাবি, ওই নারী অন্য এক যুবকের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলে অর্থ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
তবে অভিযুক্ত মারুফা আক্তার স্বপ্না এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “স্বামী সোহেল রানার মানসিক সমস্যা ছিল। তিনি মোবাইল ফোনে মাঝেমধ্যেই আত্মহত্যার হুমকি দিতেন। তাই তাকে তালাক দেওয়া হয়েছে।”
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে জানা গেছে। ভুক্তভোগী পরিবারকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।




