মহাসড়কে ছাত্রলীগের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪৫

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ৪৫ জনকে আটক করা হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই ঝটিকা মিছিল বের করা হয়। এতে কয়েকশ নেতা-কর্মী অংশ নেন বলে দাবি করা হয়েছে। মিছিল চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জননিরাপত্তা বিঘ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মিছিলকারীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। এসব যানবাহনে করে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




