শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে তারা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নেয়।
তবে শনিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিএসএফ ওই ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় তারা নো-ম্যানস ল্যান্ড সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করেন।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির সদস্যদের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি আরও জানান, শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে। পরে বিএসএফ নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত ওই ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।




