চুরির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদক-সংক্রান্ত পূর্ববিরোধ ও চুরির টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুরে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদক-সংক্রান্ত পূর্ববিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত মেহেদী রজব আলীর শার্টের কলার ধরে রাখেন। এ সময় জিসান নামে আরেক যুবক তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও অভিযুক্তরা সবাই একই মহল্লার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন। মাদক-সংক্রান্ত বিরোধ ও চুরির টাকার ভাগ-বাটোয়ারা নিয়েই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিক তদন্তে মাদক-সংক্রান্ত পূর্ববিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




