আত্রাইয়ে পাবলিক পরীক্ষার ম্যাজিস্ট্রেসি দায়িত্ব নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর আত্রাই উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার দীর্ঘ প্রায় ১০ বছর ধরে আত্রাই কারিগরি মহাবিদ্যালয়ে পাবলিক পরীক্ষার ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করে আসছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তদবিরের মাধ্যমে তিনি এ দায়িত্ব পেয়ে আসছেন। এ নিয়ে বিভিন্ন মহলে আপত্তি থাকলেও চলতি বছরও তাঁকেই এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগামী বৃহস্পতিবার থেকে কারিগরি মহাবিদ্যালয়ে পাবলিক পরীক্ষা শুরু। এ পরীক্ষায় উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগকারীদের দাবি, প্রদীপ কুমার অধ্যক্ষের তুলনায় অনেক নিচের পদমর্যাদার কর্মকর্তা। ফলে পাবলিক পরীক্ষায় ম্যাজিস্ট্রেসি দায়িত্বে তাঁকে নিয়োগ দেওয়া বিধি-বহির্ভূত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের মতে, এ দায়িত্ব অধ্যক্ষ সমমর্যাদার বা বিধি অনুযায়ী উপযুক্ত পদমর্যাদার কোনো কর্মকর্তার ওপর অর্পণ করা উচিত।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শ্রী প্রদীপ কুমার। তিনি বলেন, “তদবির নয়, আমাকে এমনিতেই দায়িত্ব দেওয়া হয়। তদবিরের বিষয়টি সত্য নয়। তবে এটি বিধিসম্মত কি না, সে বিষয়ে আমার জানা নেই। কর্তৃপক্ষ দায়িত্ব দেয়, তাই আমি পালন করি।”
এ বিষয়ে বক্তব্য জানতে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।




