হামলা-ভাঙচুর মামলায় সাবেক এমপি মমতাজ বেগম ফের দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: মে ৩০, ২০২৫; সময়: ১০:২৯ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হামলা-ভাঙচুরের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ মে) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত-৩ এর বিচারক দোলন বিশ্বাস এই আদেশ দেন। এর আগে সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়।

আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গত দুই দফায় আদালতে হাজিরের সময় মমতাজের ওপর ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। তবে আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, হত্যার মামলার রিমান্ড শেষে মমতাজকে আদালতে হাজির করা হলে হরিরামপুর থানায় দায়ের করা হামলা ও ভাঙচুরের মামলায় নতুন করে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

এর আগে, গত ২২ মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সিংগাইরের চার হত্যা মামলায় মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিনে আদালত-৩ এর বিচারক হরিরামপুরের একটি মামলায় আরও দুই দিনের রিমান্ড দেন।

২৭ মে দ্বিতীয় দফায় নিয়মিত হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে মমতাজকে আদালতে আনা হয়। শুনানি শেষে ওই দিনও তাকে হরিরামপুর থানার মামলায় রিমান্ডে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালে হরতাল চলাকালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক যুগ পর, ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা মমতাজ বেগমকে প্রধান আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন