ডাকসু নির্বাচন : লড়াইয়ে পাহাড়ি তিন কন্যা

রুপাইয়া শ্রেষ্ঠা, হেমা চাকমা ও সুর্মী চাকমা-তিন পাহাড়ি শিক্ষার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫; সময়: ১১:৪২ am | 
খবর > বিশেষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিচ্ছেন পাহাড়ের তিন কন্যা। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ইতোমধ্যে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। শুধু শিক্ষাঙ্গনেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তাদের জোরালো প্রচারণা।

রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রাঙামাটির রাজস্থলীর মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

পারিবারিকভাবে মোহাম্মদপুরে বসবাসরত রুপাইয়ার বাবা শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা ব্যবসায়ী, মা ফাহমিদা রুবাইয়া রুমা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ২০১৯-২০ সেশনে ভর্তি হন ঢাবিতে।

রুপাইয়া বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসেবে আমি সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছি। আন্দোলনে নানা হয়রানি ও হামলার শিকার হলেও আমি পিছু হটিনি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি।”

হেমা চাকমা

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেমা চাকমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী (সেশন : ২০২০-২১)।

হেমার বাবা অনিল চন্দ্র চাকমা পানছড়ির ২নং চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মা মিনতি চাকমা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে হেমা ছোট। বড় ভাই অমর প্রিয় চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন।

তিনি পুজগাংমুখ বনশ্রী শিশু নিকেতন থেকে প্রাথমিক শিক্ষা, একই এলাকার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন ঢাবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নির্বাচনী প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনা প্রকাশ করেছেন হেমা।

সুর্মী চাকমা

খাগড়াছড়ি সদরের সুর্মী চাকমা প্রতিদ্বন্দ্বিতা করছেন কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (সেশন : ২০২১-২২)।

সুর্মী বলেন, “একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে স্বপ্ন আমি লালন করেছি, তা বাস্তবে পাইনি। তাই শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি।”

তার নির্বাচনী কর্মপরিকল্পনায় রয়েছে-

প্রতিটি অনুষদে পর্যাপ্ত ক্যাফেটেরিয়া স্থাপন ও বিদ্যমান ক্যাফেটেরিয়ায় ন্যায্য দামে মানসম্মত খাবার নিশ্চিত করা

পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা

লাইব্রেরি ও কমনরুমে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা

নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুমের ব্যবস্থা

ডাকসুর এবারের নির্বাচনে পাহাড়ের এই তিন কন্যার অংশগ্রহণ ক্যাম্পাস রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারা প্রত্যেকে নিজেদের স্বপ্ন, কর্মপরিকল্পনা ও সাহসিকতার গল্প দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন