হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫; সময়: ১২:০৩ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা যুবলীগের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুক। তবে এ সময় তাঁর হাতে হাতকড়া ছিল এবং পাশে ছিল পুলিশের কড়া পাহারা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাঁকে আবারও কারাগারে নেওয়া হয়।

মাকসুদুর রহমান খালিয়াজুরী সদরের বড়হাটি এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে। বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে তাঁর বাবা মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন প্যারোল অনুমোদন করে।

পুলিশের কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান, ট্রলার ও পায়ে হেঁটে জানাজার মাঠে নিয়ে আসা হয় তাঁকে। জানাজার সময়ও তাঁর এক হাতে হাতকড়া ছিল, যা একজন পুলিশ সদস্য ধরে রেখেছিলেন।

ওসি মকবুল হোসেন বলেন, “তিনি তো বন্দী। নিরাপত্তার কারণে তাঁর এক হাতে হাতকড়া ছিল।”

প্রসঙ্গত, গত ২ জুলাই বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় মাকসুদুর রহমানকে আসামি করা হয়। গত ১৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন