মেট্রোরেল দুর্ঘটনা: দুই কোটি টাকা ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টে রুল জারি

পদ্মাটাইমস ডেস্ক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় হাইকোর্ট রবিবার (২৯ অক্টোবর) রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে, নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না।
একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে এবং ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়েছিল, যাতে মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই করতে একটি কমিটি গঠন করার নির্দেশনা চাওয়া হয়।
নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছিল ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে।




