সেদিন ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদকে ফ্যাসিস্টমুক্ত করেছিলাম: নাহিদ ইসলাম

পদ্মাটাইমস ডেস্ক: বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “আজকের দিন আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন। ৫ আগস্ট তথা ‘৩৬ জুলাই’ আমি এবং আমার সহযোদ্ধারা ছাত্র–জনতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদকে ফ্যাসিস্টমুক্ত করেছিলাম। সেদিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সংসদে কথা বলতে পারছি। এর জন্য জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি আমরা কৃতজ্ঞ।” এ সময় তিনি জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, “’২৪ মানে শুধু একটি বছর নয়; এর পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস।” এ সময় তিনি বিভিন্ন আন্দোলন ও ঘটনার কথা স্মরণ করেন।
বক্তব্যে তিনি উল্লেখ করেন পিলখানা হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর সফরবিরোধী আন্দোলনের প্রসঙ্গ। পাশাপাশি তিনি স্মরণ করেন শরীফ ওসমান হাদি, আবরার ফাহাদ এবং ফেলানী খাতুন-এর মৃত্যুর ঘটনাও।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোরদের আত্মত্যাগও জাতি কখনো ভুলবে না।
বক্তব্যের একপর্যায়ে তিনি জুলাই আন্দোলনের শহীদ আনাসের মায়ের কাছে লেখা একটি চিঠির অংশ পাঠ করে শোনান এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।




