নাটোরে স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬; সময়: ১০:০৭ am | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কোয়ার্টারের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরী বড়াইগ্রাম পৌর শহরের বাসিন্দা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের এক চুক্তিভিত্তিক বাবুর্চির ছোট বোন। তিনি বোনের সঙ্গে কোয়ার্টারেই বসবাস করতেন। ঘটনার সময় তার বোন কর্মস্থলে ব্যস্ত থাকায় কিশোরীটি কক্ষে একাই ছিল। বিকেলে স্বজনরা কক্ষে গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে পরিবার তা মেনে নেয়নি। বরং তার ইচ্ছার বিরুদ্ধে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল বলে অভিযোগ রয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন