বন্ধ কারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক :বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, এই তহবিলের মাধ্যমে দেশের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার আশা করা হচ্ছে।
গভর্নর আরও বলেন, ঘোষিত তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা থাকবে পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে। ঋণের ক্ষেত্রে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে, ফলে গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।
তিনি জানান, বন্ধ শিল্প কারখানা চালুর পাশাপাশি কৃষি, পোশাক, সিএমএসএমই খাত এবং পরিবেশবান্ধব ও সৃজনশীল অর্থনীতি খাতে এই তহবিল ব্যবহার করা হবে। এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরি করাই মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে গভর্নর দেশের অর্থনীতিকে ঘিরে কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন এবং উৎপাদনশীল খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।




