হোসেন আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা শহরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হোসেন আলী (৫৩) হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (১২ জুন) বিকেলে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কিছু সময় সড়কে অবস্থান নিলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
মানববন্ধনে বক্তারা বলেন, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে প্রকাশ্য দিবালোকে হোসেন আলীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে প্রধান আসামি তোতাসহ জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনুছ আলী ফকির, আব্দুর রহমান শেখ, চয়ন উদ্দিন মেম্বার এবং নিহতের স্ত্রী আফসানা খাতুন। তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সড়ক ছাড়েন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হোসেন আলী। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে পাঁচজনকে আটক করেছে।




