ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী

প্রকাশিত: জুন ২১, ২০২৬; সময়: ১১:২৮ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার বিকেলে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একে অপরের সহযোগিতা গ্রহণ করি এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে এগিয়ে চলি। এই সম্পর্ক আগামী দিনেও আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান আমাদের ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য ধারণ করে দেশ ও অঞ্চলের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে যোগচর্চার ইতিহাস বহু প্রাচীন। পাহাড়পুর বৌদ্ধবিহার অঞ্চলে এর প্রচলনের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন অঞ্চলে যোগচর্চার বিস্তার ঘটে।

তিনি বলেন, “যোগব্যায়ামের অন্যতম উদ্দেশ্য আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষা। এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানের আয়োজন করায় ভারতীয় সহকারী হাইকমিশনকে সরকার ও রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান ভূমিমন্ত্রী। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং অন্যান্য অংশগ্রহণকারীদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশন মনোজ কুমার এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, যোগব্যায়াম প্রশিক্ষক এবং বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন