আবাসন খাতে রাজশাহীতে অর্ধলক্ষ মানুষ কর্মসংস্থান হারানোর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : আবাসন খাতে আরোপিত অতিরিক্ত কর ও ট্যাক্স কমানো না হলে রাজশাহীতে এ খাতের সঙ্গে জড়িত প্রায় অর্ধলক্ষ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)। সংগঠনটির নেতারা বলেছেন, সরকারের নতুন করনীতি এবং ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স কার্যকর হলে আবাসন শিল্প মারাত্মক সংকটে পড়বে।
শনিবার দুপুরে রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন রেডার নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। তিনি বলেন, জমির মালিককে সাইনিং মানি, উত্তরাধিকারসূত্রে জমি প্রাপ্তি এবং পরবর্তীতে বিক্রির প্রতিটি ধাপে ১৫ শতাংশ হারে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে। ফলে অনেক জমির মালিক ডেভেলপারদের কাছে জমি দিতে আগ্রহ হারাচ্ছেন।
তিনি আরও বলেন, নতুন শুল্ক আরোপ ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে প্রতি টন রড উৎপাদনে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হচ্ছে। এর প্রভাব নির্মাণ খাতে পড়েছে। ফলে প্রতি বর্গফুট নির্মাণ ব্যয় প্রায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার ১৪ থেকে ১৬ শতাংশে পৌঁছানোয় উদ্যোক্তা ও ফ্ল্যাট ক্রেতারা বাড়তি চাপের মুখে পড়েছেন।
রেডার নেতারা জানান, আবাসন খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬৯টি সহযোগী শিল্প জড়িত। এ খাতে স্থবিরতা তৈরি হলে এসব শিল্পেও নেতিবাচক প্রভাব পড়বে।
তারা আরও দাবি করেন, আবাসন খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করে। পাশাপাশি সারা দেশে প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। কর ও ভ্যাটের অতিরিক্ত বোঝা অব্যাহত থাকলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।
শিল্প ও কর্মসংস্থান রক্ষায় অতিরিক্ত কর ও ভ্যাটের হার কমিয়ে সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রেডার নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সহ-সভাপতি মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মেজবাউল বারী সওদাগর, অর্থ সম্পাদক এম. এম. শিহাব পারভেজ, পরিকল্পনা ও তথ্য সম্পাদক মো. উজ্জ্বল কবির, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মাকসুদুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতারুল হুদা রুমেল, পরিচালনা পর্ষদের সদস্য বি. এম. আকিবুর রহমান, মো. শামীমুল ইসলাম মুন, মো. আব্দুস সোবহান, মো. তরিকুল ইসলাম, প্রকৌশলী প্রশান্ত কুমার দেবনাথ, মো. মহসিন আলী এবং মো. ওয়াসিপ আলী।




