সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে উপহার দিলেন জামায়াত নেতা

পদ্মাটাইমস ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে উপহার দিয়ে সমালোচনার মুখে পড়েছেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর সাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফেরত দেওয়া হয়। পরে সেটি প্রকৃত এক উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কোটচাঁদপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মধ্যে বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। বুধবার সকালে ইউএনও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৪টি বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
অভিযোগ রয়েছে, একটি মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দ হওয়া সাইকেল তাজুল ইসলাম নিজেই গ্রহণ করেন এবং স্বাক্ষর করে সেটি নিজের নাতনি মারিয়াকে উপহার দেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচনার মুখে ঝিনাইদহ-৩ আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে বুধবার দুপুরে সাইকেলটি ইউএনও কার্যালয়ে ফেরত দেওয়া হয়। পরে সেটি সুমাইয়া খাতুন নামে প্রকৃত এক উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় নাতনি মারিয়াকে সাইকেলটি দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠায় সেটি ফেরত দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার বলেন, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠার পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সেটি ফেরত নেওয়া হয়। পরে প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুনের কাছে সাইকেলটি দেওয়া হয়েছে।




