ব্যারিস্টার ফুয়াদকে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ‘মানহানিকর মন্তব্যের’ অভিযোগে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬; সময়: ১১:৫৮ am | 
খবর > আইন-আদালত

আইন-আদালত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নের অভিযোগে ১০০ কোটি টাকা দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে শাস্তিমূলক ও দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা পরিশোধের দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ক্ষতিপূরণের পুরো অর্থ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দিতে হবে, যাতে তা গবেষণা ও শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত হতে পারে।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তবে এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন