প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫; সময়: ২:৫২ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে বসে। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল জানান, আলোচনায় তারা কাঙ্ক্ষিত ফল পাননি।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্দিষ্ট কোনো নির্বাচনের সময়সীমা দেননি। তিনি শুধু বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। এ বিষয়ে আমরা সন্তুষ্ট নই। আমরা স্পষ্টভাবে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।”

এসময় তিনি আরও জানান, এই বিষয়টি তারা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতারা-নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন