নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় এনসিপি
লন্ডন বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব না পাওয়া অত্যন্ত হতাশাজনক।

পদ্মাটাইমস ডেস্ক: লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা গুরুত্ব পেলেও বিচার ও সংস্কার প্রশ্নে কোনো অগ্রগতি না হওয়াকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার রাতে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় এনসিপি। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত এই বিবৃতি পাঠান।
বিবৃতিতে বলা হয়, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কার- এই তিনটি মৌলিক প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। অথচ লন্ডনের বৈঠকে এসব বিষয় গুরুত্ব না পাওয়ায় জনগণের প্রত্যাশা উপেক্ষিত হয়েছে।
এনসিপির ভাষ্য, নির্বাচন নিয়ে সরকার কেবল একটি রাজনৈতিক দলের দাবিকেই অগ্রাধিকার দিচ্ছে। বিচার ও সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে তা শুধু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় পরিণত হবে। এতে গণ-অভ্যুত্থানের চেতনা ক্ষুণ্ন হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর এবং বিচারের রোডম্যাপ ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।”
সরকারকে উদ্দেশ করে এনসিপি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘জুলাই সনদ’ রচনা ও তা কার্যকর করার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত করতে হবে। তবেই আসন্ন জুলাইকে যথার্থ মর্যাদায় স্মরণ করা সম্ভব হবে।




