সিরাজগঞ্জে নবজাতক চুরির মামলায় নারীর ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির মামলায় আলপনা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রীকে প্রসবের জন্য সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন মাজেদ আলী। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। বিকেলে এক অজ্ঞাতপরিচয় নারী বোরখা পরে নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আলোকদিয়া গ্রামের ছায়রন বেওয়ার বাড়ি থেকে নবজাতককে জীবিত উদ্ধার করে। পরে সন্তানের বাবা মাজেদ আলী সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।




