কবে দেশে ফিরছেন তারেক রহমান; জানালেন সালাহউদ্দিন

পদ্মাটাইমস ডেস্ক: আগামী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৪ অক্টোবর) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বড় জোট গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তবে জোট হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়।”
তিনি আরও জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই বিএনপি প্রায় ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে, যাতে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন।
নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আরপিওর বেশ কিছু বিষয়ে বিএনপি সম্মত ছিল। বিশেষ করে ২০(১) উপধারায় উল্লেখ ছিল- জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেটিতেই আশ্বস্ত ছিল। কিন্তু যেভাবে আরপিও পাস করা হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে যোগ দিতে নিরুৎসাহিত হবে। এতে ছোট দলের নেতারা তাদের সুযোগ হারাবেন।”
তিনি প্রশ্ন তোলেন, “এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো?”
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি বহুদলীয় ও শক্তিশালী সংসদ গঠনের পক্ষে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি আরপিও পুনর্বিবেচনার আহ্বান জানান এবং জানান, দলীয়ভাবে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল। সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়িটির নামজারি সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র খালেদা জিয়ার হাতে তুলে দেয়।
এর পাশেই অবস্থিত খালেদা জিয়ার বর্তমান বাসভবন ফিরোজা। গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি দীর্ঘদিন ধরে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ-এর কাছে ভাড়া দেওয়া ছিল। প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে বাড়িটি ছেড়ে দেওয়ার পর ভবনের ভেতর ও বাইরে নতুন করে রংসহ প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।




