কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬; সময়: ৭:৫১ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: বিএনপি’র প্রয়াত সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আদালতে মানহানীর মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলী আদালতে এ মামলাটি দায়ের করেছেন। আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ‍হুমায়ুন কবির কর্ণেল জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোকে ইতর প্রাণী কুকুরের সঙ্গে তুলণা করে বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানী এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো রাজনীতির সাথে সম্পৃক্ত নন। দীর্ঘদিন আগে প্রয়াত হওয়া মানুষটিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এই বক্তব্যে আমাদের দল ও জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে মুফতি আমীর হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেছি আমরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন