জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

পদ্মাটাইমস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ২১ জানুয়ারি একই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামে এক আইনজীবী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, তারা বিভিন্ন সময় জনসমক্ষে ও গণমাধ্যমে জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি টেলিভিশন টকশোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি দাবি করেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, বরং মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন’ -যা বাদীপক্ষ জাতীয় নেতার প্রতি চরম অবমাননাকর বলে দাবি করে।
অন্যদিকে, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে তারা ধারাবাহিকভাবে জিয়া পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করে আসছেন বলেও মামলায় উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।




