সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
হত্যা নাকি সড়ক দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে যেতে পারে। তবে সড়ক দুর্ঘটনায়ও তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।




