নওগাঁ সীমান্তে ৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি

সোহেল চৌধুরী রানা, সাপাহার : নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ২৪৪/এমপি পিলার এলাকায় ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শূন্যরেখার মধ্যে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা শূন্যরেখার মধ্যে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের পুশ-ইনের অভিযোগের বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় কোনো ধরনের উত্তেজনা ছড়ায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




