৫ আগস্ট আ.লীগ নেতার দোকান লুট, বিএনপির ৬ নেতা-কর্মী কারাগারে

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫; সময়: ৯:১৬ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগ নেতার দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৯ অক্টোবর) বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এই আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- বিএনপি নেতা মো. হায়াত মাহমুদ মিল্টন, মো. সোলায়মান কবির, মো. শফিকুল ইসলাম (জামাল মল্লিক), এমদাদুল হক মিলন, মো. আকতারুল হক ও মো. শাহজাহান মুন্সী। মামলার অপর আসামি সাইফুল প্রিন্সকে জামিন দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের এপিপি মো. ইসরাত হোসাইন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাতে সরকার পতনের পর আসামিরা এম বালিয়াতলীর মাইঠা ব্রিজ এলাকায় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামানের দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। দোকানে সার, কীটনাশক, বীজ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন তিনি। এতে প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি হয়।

ঘটনার পর ২৭ আগস্ট দোকানমালিকের স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি গ্রহণ করে আদালত নয়জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ গত বছরের ৩১ ডিসেম্বর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আজ জামিন শুনানিতে আদালত একজনকে জামিন দিয়ে ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী মুন্নি বেগম বলেন, “দীর্ঘ এক বছর পর ন্যায়ের প্রতিফলন দেখতে পাচ্ছি।”

আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াসি মতিন বলেন, “আমার মক্কেলরা জামিনে ছিলেন এবং কোনো শর্ত ভঙ্গ করেননি। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করব।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন