অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫; সময়: ১০:২৭ am | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ-হাইকোর্টের এমন রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের রেফারেন্সকে ভিত্তি ধরে করা এই সিদ্ধান্তে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উত্থাপিত আইনি চ্যালেঞ্জের কোনো ভিত্তি নেই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া এবং ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

রায়ের বিষয়ে আপিল বিভাগ বলেন, হাইকোর্ট যে যুক্তিতে রিট খারিজ করেছিলেন, তা সঠিক ও আইনসম্মত। তাই উচ্চ আদালতের আদেশে হস্তক্ষেপের প্রয়োজন নেই। সাত বিচারপতি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত দেন।

রায়ের পর আইনজীবী শিশির মনির বলেন, “আজকের আদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ রইল না।”

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের রায় বহাল থাকবেন কি না, সে বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে মত দেন যে, জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা পাওয়ায় এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি, যা আজ আপিল বিভাগ খারিজ করে দিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন