নিয়ামতপুরে ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশিত: জুন ২০, ২০২৬; সময়: ৯:০৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল কারালীপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, তাদের পৈত্রিক সম্পত্তির মাঝখান দিয়ে কিছু ব্যক্তি নিজেদের সুবিধার্থে ট্রাক চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের চেষ্টা করছেন।

ভুক্তভোগী আব্দুল কাদের বলেন, তাদের প্রায় ৩০ শতাংশ জমির ওপর দিয়ে আগে থেকেই চলাচল থাকলেও এখন মাঝখান দিয়ে বড় রাস্তা তৈরির চেষ্টা করা হচ্ছে। এতে জমিতে থাকা বহু গাছ কেটে ফেলা হয়েছে এবং কাঁটাতারের বেড়াও ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আরেক ভুক্তভোগী আবুল কাশেম বলেন, প্রস্তাবিত রাস্তা তাদের বাড়ি-ঘর ও ভবিষ্যৎ বসবাসের জায়গাকে ক্ষতিগ্রস্ত করবে। তারা বিকল্পভাবে জমির পাশ দিয়ে রাস্তা দেওয়ার প্রস্তাব দিলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তুহিনের স্ত্রী সাজেদা জানান, বর্তমানে তারা একটি ঘরে বসবাস করছেন এবং জমির মাঝখান দিয়ে রাস্তা হলে ভবিষ্যতে বাড়ি নির্মাণ করা সম্ভব হবে না। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত মাসুদের দাবি, তারা জোরপূর্বক কোনো রাস্তা নির্মাণ করছেন না; বরং স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই কাজ করা হচ্ছে। একইসঙ্গে ওই স্থানে তাদেরও কিছু জমি রয়েছে বলে তিনি জানান।

আরেক অভিযুক্ত অপিল বলেন, দীর্ঘদিন ধরে ওই পথ দিয়ে চলাচল করা হচ্ছে, তাই এটি বন্ধ না করে রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রজব আলী জানান, আগামী ২৪ জুন দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। তিনি বলেন, উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন